চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী, এসআই সাদেকুর রহমান, এসআই সুমন চন্দ্র দাস, এসআই মিজানুর রহমান, এএসআই মোঃ রবিউল হোসেন, এএসআই মোঃ আলমগীর হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে মোট ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ নাঈম (২৮), পিতা- নান্নু মিয়া, গ্রাম- বড় ষাটনল (প্রধানিয়া বাড়ি); তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোঃ রিপন সরদার (৪৫), পিতা- হাসেম সরদার, গ্রাম- আদুরভিটি (ফকির বাড়ি); তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোঃ ইব্রাহিম খলিল (৪২), পিতা- মোঃ মুছা কলিমুল্লাহ, গ্রাম- আদুরভিটি (মিজি বাড়ি); তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোঃ দুলাল হোসেন (৩২), পিতা- মোঃ মনির হোসেন ঢালী, গ্রাম- আদুরভিটি; তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মাদকমুক্ত সমাজ গঠনে মতলব উত্তর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *