যশোর জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী সহ ৩ জন আটক

যশোর জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী বেগম সুন্দরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) পৃথক তিনটি নাশকতার মামলায় তাদের আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসেন রাজু জানান, গত ২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নিউমার্কেট থেকে পালবাড়ি মোড়ের মধ্যবর্তী সড়কে সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। ওই মামলার তদন্তে ফেরদৌসী বেগম সুন্দরীর নাম এসেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার নিজ বাড়ি থেকে ফেরদৌসী বেগম সুন্দরীকে আটক করা হয়। তিনি ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং যশোর জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক।

কোতোয়ালি থানার এসআই অমিত কুমার ঘোষ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপশহর বি-ব্লক বাজার থেকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও সাবেক ইউপি সদস্য সেলিম ইকবালকে আটক করা হয়। তিনি উপশহর সি-ব্লকের মৃত শাহাদাত হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরতলির রাজারহাট পিকনিক কর্নার এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেন। এ ঘটনায় করা মামলার তদন্তে সেলিম ইকবালের নাম এসেছে।

কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার কচুয়া গ্রাম থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী রবিউল ইসলাম খানকে আটক করা হয়।

গত ৬ জুন রাতে সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তে রবিউল ইসলাম খানের নাম এসেছে। তিনি জঙ্গলবাঁধাল গ্রামের মৃত নওশের আলী খানের ছেলে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top