অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল রিয়াদগামী বিমানের সব ফ্লাইট

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি নির্ধারিত ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় পতাকাবাহী এই সংস্থাটির ‘বিজি ৩৩৯’ ও ‘বিজি ৩৪০’ নম্বর ফ্লাইটের চলাচল সাময়িক ভাবে স্থগিত থাকবে।

শনিবার (১০ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের এখনই বিমানবন্দরে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সার্বিক অবস্থা পর্যালোচনা শেষে স্থগিত হওয়া ফ্লাইটগুলোর পুনঃনির্ধারিত সময়সূচি রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, টিকিটধারী ও ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক প্রয়োজনীয় তথ্যের জন্য বিমানের কেন্দ্রীয় কল সেন্টারে যোগাযোগ করতে পারেন কিংবা নিকটস্থ বিমান বিক্রয় কার্যালয়ে যেতে পারেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ও নতুন কোনো সিদ্ধান্ত এলে তা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগমাধ্যমে হালনাগাদ সকল তথ্য জানানো হবে।

অপ্রত্যাশিত ভাবে এই ফ্লাইট স্থগিতাদেশে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিঘ্ন সৃষ্টি এবং পরিবারের সদস্যদের ভোগান্তিতে পড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top