দেবীগঞ্জে আওয়ামী লীগের ১০ ইউনিয়ন ও পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের আওতাধীন ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির উপজেলা শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তারিখে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আওতাধীন ১০টি ইউনিয়ন ও দেবীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের বিদ্যমান কমিটিগুলো ওই দিন থেকে বিলুপ্ত করা হয়েছে।
বিলুপ্ত কমিটিগুলো হলো-১ নং চিলাহাটি, ২ নং শালডাঙ্গা, ৩ নং দেবীগঞ্জ, ৪ নং পামুলী, ৫ নং সুন্দরদিঘী, ৬ নং সোনাহার মল্লিকাদহ, ৭ নং টেপ্রীগঞ্জ, ৮ নং দণ্ডপাল, ৯ নং দেবীডুবা ও ১০ নং চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ এবং দেবীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটিগুলো বিলুপ্ত ঘোষণার পর সংশ্লিষ্ট ইউনিটগুলোর সাংগঠনিক কার্যক্রম দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত এবং নতুন কমিটি গঠনের বিষয়ে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
এতে উল্লেখ করা হয়, কমিটিগুলো বিলুপ্তির মধ্য দিয়ে সংশ্লিষ্ট ইউনিটগুলোর পূর্ববর্তী সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্বের অবসান ঘটেছে। দলীয় শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক স্বার্থে নেতাকর্মীদের উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top