কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে আজ দুপুরে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা সম্পন্ন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মরদেহ নিতে সদর হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছেন স্বজনরা।
অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের ৬ জন হলেন মৌলিতা মেহজাবিন, লায়লা জাহান, ইসরাত জাহান, ফারিয়া কবির, ফাইজান নূর ও নাফিস তেহামি। তারা ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকায় থাকতেন।
নিহত অন্য ৪ জন হলেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাহিদুর রহমান, তার স্ত্রী আফসানা মতিন এবং তাদের দুই মেয়ে ইনায়া ও ইহানা।
অগ্নিকাণ্ডের পর উদ্ধার হওয়া ১০টি মরদেহের পরিচয় শনাক্ত হলেও নাসরিন আক্তার মুক্তা নামে এক নারী এখনও নিখোঁজ রয়েছেন। মুক্তা সাভারের আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক ছিলেন। দুই বান্ধবীর সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সকালে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। রিসোর্টটির অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিলো না এবং তাদের সতর্কও করা হয়েছিলো বলে জানায় ফায়ার সার্ভিস।




