মুন্সিগঞ্জের সিরাজদিখানে তোয়াবা আক্তার নামে পাঁচ বছরের এক শিশুকে হত্যা করে লাশ পরিত্যক্ত জমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তিনি ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের পুরাতন লঞ্চঘাট এলাকায় মুল্লা ব্রিকস নামের একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহত তোয়াবা আক্তার উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের গোলাপ হোসেন ও শিউলি বেগমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির দাদা জয়নাল মিয়া রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় গত পাঁচ বছর ধরে কাজ করছেন। বুধবার বিকেল ৫টার দিকে দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে তোয়াবা ও তার বাবা গোলাপ হোসেন হামলার শিকার হন। এ সময় শিশুটিকে হত্যা করে ইটভাটার কাছে একটি পরিত্যক্ত জমিতে মরদেহ ফেলে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। একই ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা জানান, গোলাপ হোসেন তার পরিবার নিয়ে লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।




