চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার নিজ বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামের এক কার্যক্রম নিষিদ্ধ সাবেক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার বাসার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ।
নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। তার স্বামী প্রয়াত আবুল কালাম। তিনি সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর নাহার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তার বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তিনি ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। গতকাল সকালে তার ছেলে কর্মস্থলে চলে যান। তার অন্তঃসত্ত্বা পুত্রবধূও তখন বাবার বাড়িতে ছিলেন। ফলে বাসায় একাই ছিলেন নুর নাহার।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটেরা। পরে তারা ভেতরে ঢুকে শয়নকক্ষের বিছানায় নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
পুলিশ জানায়, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মুখে হালকা লালচে দাগ রয়েছে। তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ছেলে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি একরাম উল্লাহ আরও জানান, বাসার পেছনের লোহার দরজাটি সাধারণত ভাড়াটেরা যাতায়াতের জন্য ব্যবহার করতেন। দরজাটি খোলা থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ মোবাইল ফোনসহ অন্যান্য বিষয়ও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত শেষে নুর নাহারের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।



