মির্জাপুরে নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার: মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

 টাঙ্গাইলের মির্জাপুরে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।​নিহত ইউনুস আল মুর্শেদ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কাণ্ঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।​পারিবারিক সূত্রে জানা যায়, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশে লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও তিনি মাছ ধরতে নদীর ঘাটে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ঘাটে তাঁকে খুঁজতে যান। পরে সেখানে নদীতে তাঁর ভাসমান লাশ দেখতে পান।​তবে এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য ও নানা প্রশ্ন। স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, “ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। তাছাড়া সন্ধ্যার ঠিক আগেও অনেকে তাঁকে মাছ ধরতে দেখেছেন। উদ্ধারের পর দেখা গেছে তাঁর দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।”​পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, “মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুক সমান পানিতে ডুবে তাঁর কীভাবে মৃত্যু হতে পারে, তা কোনোভাবেই বোধগম্য নয়।”​ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।​পরিবার সূত্রে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় কাণ্ঠালিয়া গ্রামে জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top