কার্তিকের শেষ সময়। দিনে এখনো রোদের তেজ থাকলেও সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে হাওরাঞ্চলের আবহাওয়া। এখন রাত হলেই শীতের অনুভব করছেন মোহনগঞ্জ উপজেলার মানুষ।
গত কয়েকদিন ধরে ভোরবেলা ঘন কুয়াশায় ঢেকে থাকছে মোহনগঞ্জ উপজেলার হাওর এলাকাগুলো। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু। সন্ধ্যার পর থেকেই হালকা ঠান্ডা বাতাস বইছে। গভীর রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।
স্থানীয়রা জানান, দিনের বেলায় গরম লাগলেও রাত ১০টার পর থেকেই কাঁথা গায়ে দিতে হচ্ছে। বিশেষ করে হাওরের কাছাকাছি গ্রামগুলোতে শীতের আমেজ একটু বেশিই।
সহিলদেও গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, “দিনে মাঠে কাজ করলে গরম লাগে, কিন্তু রাইত হইলেই হালকা শীত লাগে। এখন আর ফ্যান ছাইড়া ঘুমানো যায় না। কাঁথা লাগে। বুঝা যাইতাছে শীত আইয়া পড়ছে।”
গ্রামের দোকানগুলোতে এরই মধ্যে উঠতে শুরু করেছে হালকা শীতের কাপড়। সকালে চায়ের দোকানে গরম চায়ের সাথে চলে শীত নিয়ে আলাপ।
আবহাওয়া অফিস বলছে, এই সময়টায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি থাকবে। আগামী ১৫ দিনের মধ্যে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
হেমন্তের এই মিষ্টি শীত যেন শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে হাওর পাড়ের মানুষের জন্য।




