ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে ইসলামী বই বিতরণ করা হয়েছে। ধর্মীয় জ্ঞান বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ জাগ্রত এবং ইসলামী শিক্ষার প্রসারে মাওলানা শামছুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৪ নভেম্বর) মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী স্কলার ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক একেএম জিয়াউল হক শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাতবিলা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ইসলামী বই বিতরণ একটি মহৎ ও কল্যাণকর উদ্যোগ। বই মানুষের জ্ঞান বৃদ্ধি, নৈতিকতা গঠন এবং সঠিক জীবনবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামী বইয়ের মাধ্যমে মানুষ পবিত্র কোরআন, হাদিস, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের বিভিন্ন শিক্ষা সম্পর্কে জানতে পারে।
তারা আরও বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সততা ও ন্যায়বোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার আগ্রহ বাড়বে এবং ইসলামী আদর্শের প্রচার-প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।




