খুলনার কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজা, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৬৪০ টাকাসহ ইমরান হোসেন (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের কাশির খালসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক ইমরান হোসেন ওই এলাকার আক্তার শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলমের দিকনির্দেশনায় এসআই রাসেল ও এসআই সাব্বির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ২ নম্বর কয়রা গ্রামের কাশির খালসংলগ্ন এলাকার একটি ইটের রাস্তায় অভিযান চালায়। এ সময় ইমরানের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা, ৩০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক ও জুয়ার মতো অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




