নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে উদ্দেশ্য করে তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম। সাদ্দামকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, ‘এতই যদি সৎ সাহস থাকে, দেশে আসেন। বিচারের মুখোমুখি হোন। কলকাতায় সোনাগাছিতে বসে পলাতক অবস্থায় সাদা পোলো টি-শার্ট পড়ে হুংকার দিয়ে লাভ কী?’
গতকাল রোববার (৮ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং কর্মীদের মাঠে নামার নির্দেশনা নিয়ে সমালোচনা করেন এই ছাত্রদল নেতা। পোস্টে হামীম লিখেন, ‘যে নিজের চেহারা আজ পর্যন্ত জনসম্মুখে দেখানোর সৎ সাহস পায় না, সেই নির্লজ্জ হাসিনা নাকি ডিসেম্বরে আসবে। যে নিজে পলাতক, সে তার কর্মীদের মাঠে নামতে বলে বিপদে ফেলছে।’
ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা সাদ্দাম হোসেনের সাম্প্রতিক এক ভিডিও বার্তার প্রতি ইঙ্গিত করে তিনি আরও লিখেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে বলি এতই যদি সৎ সাহস থাকে, দেশে আসেন। বিচারের মুখোমুখি হউন। কলকাতায় সোনাগাছিতে বসে পলাতক অবস্থায় সাদা পোলো টি-শার্ট পড়ে হুঙ্কার দিয়ে লাভ কী, আপনার ওই হুংকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাও-ও ভয় পায় না…।’




