ওয়াশরুমে আগে যাওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষে প্রাণহানির মন্তব্য, সমালোচনায় ছাত্রদল নেতা

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াশরুমে আগে যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো ‘কড়া আলাপ’-এ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। টকশোতে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়াজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

টকশোতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও সংঘাতের বিষয়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সংঘাতের প্রবণতা তুলে ধরতে গিয়ে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া হলো এমন একটা অদ্ভুত জায়গা, সেখানে ওদের টেঁটা সবসময় রেডি থাকে। মানে ওরা কী অদ্ভুত বিষয়, ওয়াশরুমে কে আগে যাবে, পরে যাবে—এটা নিয়ে মারামারি হয়ে গেছে দুই গ্রামের মধ্যে, মানুষ মরে গেছে।’

তিনি আরও দাবি করেন, হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্ব পালন করার সময় ওই ঘটনার জেরে আহত ও রক্তাক্ত ব্যক্তিদের চিকিৎসা নিতে আসতে তিনি নিজে দেখেছেন।

তাঁর এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, কোনো বিচ্ছিন্ন ঘটনার উদাহরণ টেনে পুরো জেলার মানুষকে নেতিবাচকভাবে উপস্থাপন করা দায়িত্বশীল আচরণ নয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সামাজিক মর্যাদা ও জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এ ছাড়া বক্তব্যে উল্লেখ করা ঘটনার সত্যতা, সময় ও প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাঁর বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানিয়েছেন।

তবে ডা. তৌহিদুর রহমান আউয়ালের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা কিংবা দুঃখ প্রকাশের তথ্য পাওয়া যায়নি।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top