গাজীপুরে ২৪ ঘণ্টায় ৩টি বাসসহ একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে দুটি যানবাহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে জেলার জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকায় একটি বাসে, সোমবার রাত ১১টার দিকে জেলার চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যানে, একই দিন সন্ধ্যা ৭টা ও ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাখা আজমেরী পরিবহনের যাত্রীবাহী দুইটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হাজীবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটির সামনের অংশ থেকে আগুন ও কালো ধোঁয়া বের হতে দেখে পথচারীরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, চন্দ্রা ত্রিমোড়ের অদূরে একটি কাভার্ডভ্যানে আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।




