রাঙ্গামাটিতে রাতে আদালত-স্কুলে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, সকালে ভাঙল ছাত্রদল

রাঙ্গামাটি শহরে মধ্যরাতে জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা জানাজানি হলে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহড়া দিয়ে হাতুড়ির সাহায্যে ফটকে ঝুলিয়ে রাখা তালা ভেঙে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা রাঙ্গামাটি শহরের আদালত ভবন কার্যালয় ও বন সংরক্ষকের কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এছাড়া কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলফেসানী উচ্চ বিদ্যালয়, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ফটকে তালা মারা হয়।

মঙ্গলবার সকালে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে এসে ফটকে তালা ঝুলতে দেখে বিষয়টি জানতে পারেন। আকস্মিক এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও দাবির সূত্র ধরে জানা গেছে, এ ঘটনার দায় স্বীকার করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক সোহাগ চাকমা।

এদিকে ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহড়া দেন। এসময় তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এ ধরনের কর্মকাণ্ড যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন। পরে হাতুড়ি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে লাগানো তালা ভেঙে দেওয়া হয়।

এ বিষয়ে ছাত্রদলের রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি ওমর মোর্শেদ জাগো নিউজকে বলেন, গতকাল রাতের আঁধারে অগণতান্ত্রিক উপায়ে শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা। সকালে খবর পেয়ে আমরা ৯টার আগেই এসব তালা ভেঙে ফেলি। ছাত্রলীগের এমন নাশকতা মোকাবিলা করার জন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কয়েকটি সরকারি কার্যালয়ে গিয়ে তালা খোলা অবস্থায় পেয়েছে। বর্তমানে সব প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top