গোপালগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে আয়োজিত এ মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো শহরে। পুলিশের ব্যারিকেড ভেঙে বিভিন্ন সড়কে মিছিল করেন নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। এ সময় তাঁদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ও লগি-বৈঠা দেখা যায়। পরে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন মিছিলকারীরা। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন তাঁরা।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর গোপালগঞ্জে এটিই দলটির প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল বলে জানা গেছে।
এদিকে কর্মসূচি ঘিরে জেলা শহরে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বিশেষ করে লঞ্চঘাট ও বাজার এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা। জোরদার করা হয় গোয়েন্দা নজরদারিও।
তবে মিছিলকারীদের বাধা দেওয়ার দৃশ্যমান কোনো ঘটনা দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
মিছিল ও নিরাপত্তাব্যবস্থাকে কেন্দ্র করে জেলা শহরজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রাইম টিভি/এসআই




