শেয়ার করুন

শিক্ষার্থীদের মধ্যে দেড় শতাধিক গাছের চারা বিতরণ করল দিগজন সরকারি প্রাথমিক বিদ্যালয়

পরিবেশ সংরক্ষণ ও শিশুদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা গড়ে তুলতে নেত্রকোণা সদর উপজেলার দিগজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেড় শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।

গত ১৫ নভেম্বর (রবিবার) বিদ্যালয়ের সব শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী বিতরণ করা চারার মধ্যে ছিল বকুল, শিমুল, কাঁঠবাদাম, কৃষ্ণচূড়া, জাম, আম, কাঁঠাল, পেয়ারা, আতা, সুপারি, চালতা, আমড়া, কামরাঙ্গা, নিম ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছ।

চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। হাসিমুখে গাছের চারা নিয়ে বাড়ি ফিরতে দেখা যায় তাদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সচেতন করে তোলা প্রয়োজন। এ লক্ষ্যেই বিদ্যালয়ের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কর্মসূচিতে বেশ আগ্রহ দেখিয়েছে। তারা বাড়িতে গিয়ে নিজেরাই গাছের চারা রোপণ ও পরিচর্যা করতে চায়।

তিনি আরও বলেন, বড় শিক্ষার্থীরা নিজেরাই গাছের চারা রোপণ ও পরিচর্যা করতে পারবে। ছোট শিক্ষার্থীরা অভিভাবকদের সহযোগিতায় বাড়িতে চারা রোপণ করবে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরাফাত একটি জলপাইগাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলে, ‘গাছটি আমি খুব যত্ন করে লাগাব। চারার চারপাশে বেড়া দেব এবং গোবর সার দেব। আমাদের স্কুল ও শিক্ষকদের ধন্যবাদ জানাই। তাঁরা প্রায়ই আমাদের গাছের চারা দেন। এতে আমরা খুব খুশি।’

একই শ্রেণির শিক্ষার্থী দিয়া পেয়ারা গাছের চারা পেয়ে আনন্দ প্রকাশ করে বলে, ‘আমাদের বাড়িতে পেয়ারা গাছ নেই। তাই চারাটি পেয়ে আমার খুব ভালো লেগেছে।’

বিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শিক্ষাজীবনের শুরু থেকেই শিশুদের বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সম্পৃক্ত করা গেলে তাদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সংরক্ষণের দায়িত্ববোধ তৈরি হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনেও ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top