পাঁচ রাউন্ড গুলির পর বলে, ‘চাঁদার টাকা সমাধান না করলে এরপর জানে মেরে ফেলব’

রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে দাবিকৃত ১০ লাখ টাকা এককালীন এবং মাসে এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকওয়া মসজিদের পাশে অবস্থিত ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’র শাখা কার্যালয়ে এ হামলায় প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। পালানোর সময় হামলাকারীরা কার্যালয়ের ফটকে ও সামনের সড়কে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে।

গুলিবিদ্ধ দুই টেকনিশিয়ান হলেন সাজু আহমেদ (৩০) ও হাবিবুর রহমান (২৭)। তাদের মধ্যে সাজুর ডান পায়ে দুটি এবং হাবিবুরের বাঁ হাতের কবজির নিচে গুলি লেগেছে। ঘটনার পরপরই সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলেৎ হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সেখানে উপস্থিত থাকা গুলিবিদ্ধ কর্মী হাবিবুর রহমান ভয়াবহ সেই মুহূর্তের বর্ণনা দেন। তিনি জানান, ঘটনার সময় কার্যালয়ের ভেতরে তিনি, সাজু ও টিপু কাজ করছিলেন এবং বাইরে একজন নতুন কর্মী অপেক্ষায় ছিলেন। সাধারণত গ্রাহকরা ইন্টারনেট বিল পরিশোধ করতে অফিসে আসেন; সেদিনও দরজায় নক করার পর নতুন কর্মী দরজা খুলে দিলে দুজন ভেতরে ঢুকে পড়েন এবং পেছনে আরও দুজন আসেন। মোট চারজনের মধ্যে একজন ভেতরে প্রবেশ করেন এবং বাকিরা বাইরে অবস্থান নেন।

হাবিবুরের ভাষ্যমতে, ভেতরে ঢুকেই দুর্বৃত্তরা জানতে চায়—এক মাস আগে বলে যাওয়া চাঁদার বিষয়ে কেন যোগাযোগ বা সমঝোতা করা হয়নি। কর্মীরা বিষয়টি মালিকের এখতিয়ারভুক্ত বলে জানালে দুর্বৃত্তরা অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং পিস্তল বের করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলেও পরের গুলিটি সাজুর পায়ে লাগে। তৃতীয় গুলিটি হাবিবুরের হাতের ঘড়িতে লেগে নিচে পড়ে সাজুর পায়ে বিদ্ধ হয় এবং অপর একটি গুলি হাবিবুরের বাঁ হাতে লাগে। গুলিবিদ্ধ হয়ে দুজনই মেঝেতে লুটিয়ে পড়েন।

আহত কর্মীরা জানান, গুলি চালানোর পর হামলাকারীরা হুমকি দিয়ে বলে, ‘এটা ওয়ার্নিং দিলাম, চাঁদার টাকা সমাধান না করলে এরপর জানে মেরে ফেলব।’ পাশাপাশি আগামী মাস থেকে মাসিক চাঁদার পরিমাণ বাড়িয়ে দুই লাখ টাকা করে দিতে হবে বলে শাসায় তারা। বাদশাহ ও জনির সঙ্গে কেন যোগাযোগ করা হয়নি, সে প্রশ্নও তোলে হামলাকারীরা। যাওয়ার সময় দুর্বৃত্তদের একজন কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ড খুলে নেয় এবং ক্যাশবাক্সের দিকে এগোয়। কর্মীরা তাদের আটকানোর চেষ্টা করলে কার্যালয়ের মূল দরজা ও বাইরের সড়কে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থলের পাশেই ভ্যানগাড়িতে কাপড় বিক্রেতা জুলহাস জানান, হঠাৎ বিকট শব্দে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়লে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং পরপর গুলির শব্দ শুনতে পান। এদিকে এই সশস্ত্র হামলার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিষ্ঠানের কর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মী জানান, ঘটনার পর বিকেলে ভবনমালিক এসে তাদের কার্যালয়টি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় সোমবার হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জাহিদুল হক পলাশ। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, পান্থপথের বক্স কালভার্ট রোডে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এবং ওয়াপদা রোডে শাখা কার্যালয় অবস্থিত। প্রায় এক মাস আগে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি নিজেদের ‘গুজা বাদশাহ’ ও ‘মোল্লা জনি’ গ্রুপের সদস্য পরিচয় দিয়ে এরিয়া ম্যানেজার মো. মাজহারুল ইসলামের কাছে এককালীন ১০ লাখ ও মাসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। সে সময় প্রতিষ্ঠানের মালিক শরিফুল ইসলাম ও কর্মকর্তারা থানায় অভিযোগ না করে শাখা কার্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তা করছিলেন। কিন্তু তার আগেই এই সশস্ত্র হামলা চালানো হলো।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই চাঁদাবাজি ও হামলার নেপথ্যে নিহত শীর্ষ সন্ত্রাসী পলাশ ওরফে কাইল্ল‍্যা পলাশের সহযোগী সুজন ওরফে টোকাই সুজন এবং পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মোল্লা জনি ও গুজা বাদশাহর সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। তাদের নির্দেশেই হাসিব, হাসনাইন, আলিফ ও সামিউল নামের চার সন্ত্রাসী ঘটনাস্থলে গিয়ে এ হামলা চালায়।

ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখান থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাটির ছায়া তদন্ত শুরু করেছে এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top