জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে হাওরাঞ্চলের কৃষি ও জীবিকা রক্ষায় পাঁচ দফা দাবি জানিয়েছেন নেত্রকোণার মদন উপজেলার তলার হাওরের কৃষকেরা। এসব দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছেন তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) মদন উপজেলার তলার হাওরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি গবেষণা সংস্থা বারসিক ও গ্রিন কোয়ালিশন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষকেরা অংশ নেন।
তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১ (COP31) জলবায়ু সম্মেলন সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি থেকে হাওরাঞ্চলের কৃষকদের অধিকার ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিতের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় কৃষক সিদ্দিকুর রহমান, আরব আলীসহ অন্যরা। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত ও ধনী দেশগুলোর কার্বন নিঃসরণ এবং পরিবেশদূষণ দায়ী। অথচ এর সবচেয়ে বেশি বিরূপ প্রভাব পড়ছে হাওরাঞ্চলের মতো ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের ওপর। বিশেষ করে আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে কৃষকেরা বারবার ফসল হারিয়ে আর্থিক সংকটে পড়ছেন।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় হাওরাঞ্চলের কৃষকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এ জন্য আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে ন্যায্য ক্ষতিপূরণ, কৃষি সুরক্ষা এবং হাওরের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
মানববন্ধন থেকে কৃষকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্যবিমার খরচ বহন করা; জলবায়ু তহবিল থেকে ঋণের পরিবর্তে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া; হাওরাঞ্চলের নদী, বিল, খাল ও জলাভূমি খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা; হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে মহাসড়ক কিংবা অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ বন্ধ করা এবং ফসল রক্ষায় হাওরে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ করা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, হাওরের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এসব দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি। কপ৩১ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতা ও নীতিনির্ধারকদের কাছে হাওরাঞ্চলের কৃষকদের এই দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তাঁরা।




