শেয়ার করুন

পাকিস্তানে খালাস পেয়েও কারাগারে পশতুন নেতা আলী ওয়াজির

পাকিস্তানের পশতুন অধিকারকর্মী ও দেশটির সাবেক জাতীয় পরিষদ সদস্য আলী ওয়াজির ২০২৪ সালের ৪ আগস্ট থেকে বিচার-পূর্ব আটক অবস্থায় রয়েছেন। ২০২৬ সালের ১৬ মার্চ তিনি মুক্তি পেলেও একই দিন কর্তৃপক্ষ তাঁকে পুনরায় গ্রেপ্তার করে।

২১ অক্টোবর সিন্ধু প্রদেশের দাদু জেলার একটি দায়রা আদালত আলী ওয়াজিরকে খালাস দেন। তবে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় তিনি এখনো কারাবন্দী রয়েছেন। এ ছাড়া কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে নতুন নতুন অভিযোগও দায়ের করে চলেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিন্ধু প্রদেশের কর্তৃপক্ষের প্রতি আলী ওয়াজিরকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সংস্থাটির মতে, শান্তিপূর্ণভাবে অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত থাকার কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

পশতুন মানবাধিকার আন্দোলনের বিশিষ্ট নেতা

৫০ বছর বয়সী আলী ওয়াজির একজন মানবাধিকারকর্মী এবং পশতুন তাহাফুজ আন্দোলনের (পিটিএম) বিশিষ্ট নেতা। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

পিটিএম খাইবার পাখতুনখাওয়া প্রদেশভিত্তিক একটি তৃণমূল নাগরিক অধিকার আন্দোলন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং পশতুন জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতার বিষয়ে উদ্বেগ তুলে ধরে সংগঠনটি।

পাকিস্তানে তালেবান বাহিনীর বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন আলী ওয়াজির। জঙ্গিদের লক্ষ্যবস্তু হয়ে তাঁর পরিবারের সদস্যদেরও সহিংসতার শিকার হতে হয়েছে। এতে তাঁর বাবা, দুই ভাই, দুই চাচা ও তিন চাচাতো ভাই নিহত হন।

২০১৮ সালের জুনে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি হামলায় পিটিএমের দুই সদস্য নিহত হন। ধারণা করা হয়, হামলাটির লক্ষ্য ছিলেন আলী ওয়াজির। পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে এ হামলার ঘটনা ঘটে।

বারবার গ্রেপ্তার ও বিভিন্ন কারাগারে স্থানান্তর

২০২০ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারে প্রথমবারের মতো আলী ওয়াজিরকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। অভিযোগ করা হয়, তিনি করাচিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি একটি মামলায় আদালত তাঁকে খালাস দেন এবং একই ধরনের আরও তিনটি মামলায় জামিন মঞ্জুর করেন। এরপর তাঁকে মুক্তি দেওয়া হয়।

২০২৩ সালের আগস্টে পিটিএমের অন্য সদস্য এবং মানবাধিকারবিষয়ক আইনজীবী ইমান মাজরি-হাজিরের সঙ্গে তাঁকেও আবার গ্রেপ্তার করা হয়। কয়েক মাস পর তিনি মুক্তি পান।

২০২৪ সালের ৪ আগস্ট ইসলামাবাদে একটি সড়ক দুর্ঘটনার ঘটনায় পুলিশ আলী ওয়াজিরকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে কর্তৃপক্ষ। মামলাগুলোতে সড়ক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথিত ধস্তাধস্তি এবং মাদকদ্রব্য রাখার অভিযোগ আনা হয়। প্রায় এক মাস পর তিনটি মামলাতেই তিনি জামিন পান।

তবে তাঁকে মুক্তি না দিয়ে পাঞ্জাবের রাওয়ালপিন্ডির একটি কারাগারে স্থানান্তর করা হয়। জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের (এমপিও) আওতায় পরপর জারি করা দুটি প্রতিরোধমূলক আটকাদেশের ভিত্তিতে তাঁকে সেখানে রাখা হয়। এসব আদেশের মাধ্যমে কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন তাঁকে আটক রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

পরবর্তী সময়ে তাঁকে পাঞ্জাবের কয়েকটি কারাগারে স্থানান্তর করা হয়। এর মধ্যে গুজরাট, ভাক্কার ও সারগোধার কারাগারও ছিল। এ সময় কর্তৃপক্ষ আরও কয়েকটি এমপিও আটকাদেশ জারি করে এবং ডাকাতির অভিযোগসংক্রান্ত একটি মামলায় তাঁকে আটক রাখে।

২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে বেলুচিস্তান প্রদেশের গাদানিতে স্থানান্তর করা হয়। ২০২৩ সালে তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় তিনি জামিন পান। তবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দায়ের করা পৃথক একটি মামলায় তাঁকে আটক রাখা হয়। ওই মামলাতেও জামিন পাওয়ার পর কর্তৃপক্ষ তাঁকে চৌকির একটি কারাগারে স্থানান্তর করে। সেখানে আরও দুটি এমপিও আদেশের ভিত্তিতে তাঁকে আটক রাখা হয়।

আদালতের সিদ্ধান্তের পরও অব্যাহত আটক

২০২৫ সালের ফেব্রুয়ারিতে আলী ওয়াজিরকে সিন্ধু প্রদেশে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি সেখানেই কারাবন্দী রয়েছেন। প্রথমে সুক্কুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে আটক রাখা হয়। ওই মামলায় জামিন পাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ তাঁর মুক্তি ঠেকাতে নতুন করে একটি এমপিও আটকাদেশ জারি করে।

পরে তাঁকে নওশেরো ফিরোজ এবং এরপর নওয়াবশাহতে স্থানান্তর করা হয়। কারাবন্দী থাকা অবস্থায় ভিডিও সংযোগের মাধ্যমে দেওয়া তাঁর কথিত বক্তব্যকে কেন্দ্র করে দায়ের করা পৃথক দুটি মামলার কারণে এসব স্থানান্তর করা হয়।

সিন্ধু প্রদেশের আদালতগুলো একাধিকবার আলী ওয়াজিরের পক্ষে রায় দিয়েছেন। ২০২৫ সালের ১৩ আগস্ট নওশেরো ফিরোজে তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি এজাহার (এফআইআর) বাতিল করেন আদালত। এ ছাড়া ২০২৫ সালের ২৩ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর আরও দুটি মামলায় তাঁকে খালাস দেওয়া হয়।

২০২৬ সালের ১০ মার্চ হায়দরাবাদে সিন্ধু হাইকোর্টের একটি বেঞ্চ তাঁর বিরুদ্ধে বিচারাধীন সর্বশেষ মামলাটিতেও জামিন মঞ্জুর করেন। আদালত জানান, তাঁর বিরুদ্ধে কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতাসূচক প্রমাণ নেই এবং তাঁর স্বাধীনতা কেড়ে নিয়ে আটক রাখার কোনো আইনগত ভিত্তিও নেই।

আদালতের এই সিদ্ধান্তের পরও প্রশাসনিক জটিলতার কারণে তাঁকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অবশেষে ১৬ মার্চ সুক্কুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

তবে মুক্তির চার ঘণ্টারও কম সময়ের মধ্যে কর্তৃপক্ষ তাঁকে পুনরায় গ্রেপ্তার করে। প্রায় দুই দিন তাঁর অবস্থান অজানা ছিল, যা গুমের আশঙ্কা তৈরি করে। তাঁর আইনজীবী দল কর্তৃপক্ষের কাছে দুটি পৃথক আবেদন দাখিল করে। পরে ১৮ মার্চ তাঁকে নওশেরো ফিরোজের একটি সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা হয়।

শুনানির সময় কর্তৃপক্ষ জানায়, পুনরায় গ্রেপ্তারের প্রায় এক ঘণ্টা আগে তাঁর বিরুদ্ধে একটি নতুন এজাহার দায়ের করা হয়েছিল। এতে আলী ওয়াজিরের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ঘৃণা’ ও সহিংসতায় উসকানি দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়।

পরবর্তী সময়ে দাদু ও জামশোরোতে তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগে আরও দুটি এজাহার দায়ের করে কর্তৃপক্ষ। এসব মামলার একটির সঙ্গে ২০২৫ সালের ৫ মার্চ শিকারপুরে দায়ের করা একটি এজাহারের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। তবে পুনরায় গ্রেপ্তারের পরই কেবল ওই মামলার বিষয়টি প্রকাশ করে কর্তৃপক্ষ।

২০২৬ সালের ২১ অক্টোবর দাদুর একটি দায়রা আদালত আলী ওয়াজিরকে খালাস দেন। তবে তাঁর বিরুদ্ধে অন্যান্য মামলা বিচারাধীন থাকায় তিনি এখনো আটক রয়েছেন। একই দিন দাদুতে তাঁর বিরুদ্ধে নতুন একটি এজাহারও দায়ের করে কর্তৃপক্ষ। এতে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়।

কারাবন্দী অবস্থায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত

আলী ওয়াজির বর্তমানে দাদু জেলা কারাগারে আটক রয়েছেন। ২০২৬ সালের এপ্রিলে কারা কর্তৃপক্ষ তাঁর রক্তচাপ বেড়ে যাওয়া সত্ত্বেও চিকিৎসাসেবা দিতে অস্বীকৃতি জানায়। এর প্রতিবাদে তিনি ৪৮ ঘণ্টার অনশন করেন।

আদালতের অনুকূল সিদ্ধান্তের পরও আলী ওয়াজিরের আটক অব্যাহত রাখা, বারবার এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর এবং নতুন নতুন মামলা দায়েরের ঘটনায় তাঁর শান্তিপূর্ণ আন্দোলন সীমিত করতে ফৌজদারি মামলা ও প্রতিরোধমূলক আটক ব্যবস্থার ব্যবহার নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।

তথ্যসূত্র: amnesty.ca

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top