শেয়ার করুন

বান্দরবান – কেরানিহাট সড়কে লোকাল বাসের নৈরাজ্য , অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি অভিযোগ

বান্দরবান-কেরানিহাট সড়কে লোকাল বাসের নৈরাজ্য, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ

বান্দরবান প্রতিনিধি : প্রাইম তঞ্চঙ্গ্যা 
বান্দরবান-কেরানিহাট সড়কে চলাচলকারী লোকাল বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়, শিক্ষার্থীদের হাফ ভাড়া না দেওয়া, যাত্রীদের সঙ্গে অসদাচরণ এবং নির্দিষ্ট স্টপেজে যাত্রী না তোলার অভিযোগ উঠেছে। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, বান্দরবান থেকে কেরানিহাটগামী অনেক বাসে বাজালিয়া ও কেরানিহাটের যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হলেও পথের অন্যান্য স্টপেজের যাত্রীদের তুলতে অনীহা প্রকাশ করেন চালক ও হেলপাররা। যাত্রী তোলা হলেও অনেক ক্ষেত্রে স্বল্প দূরত্বের জন্য নির্ধারিত ভাড়ার পরিবর্তে বেশি ভাড়া আদায় করা হয়। এ নিয়ে প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী সুকেল তঞ্চঙ্গ্যা বলেন ,  শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার নিয়ম থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ তাঁদের। অনেক সময় বাস ছাড়ার মুহূর্তে শিক্ষার্থীদের তোলা হয়। ফলে আসন না পেয়ে গাদাগাদি করে দাঁড়িয়ে পুরো পথ যাতায়াত করতে হয়। পাশাপাশি এসব বাসের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
নিয়মিত যাতায়াতকারী কয়েকজন শিক্ষার্থী জানান, রেইছা চেকপোস্টে শিক্ষার্থীদের উপস্থিতির কারণে অনেক সময় মানবিক বিবেচনায় বাস তল্লাশি ছাড়াই ছেড়ে দেওয়া হয়। অথচ সেই শিক্ষার্থীদেরই হাফ ভাড়া নিয়ে বাসের চালক ও হেলপারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে হচ্ছে।
এ বিষয়ে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় কিংবা শিক্ষার্থীদের হাফ ভাড়া না নেওয়ার কোনো সুযোগ নেই। কিছু অসাধু হেলপারের বিরুদ্ধে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চললেও কার্যকর তদারকির অভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ফলে প্রতিদিনের যাতায়াতেই সাধারণ মানুষকে বাড়তি অর্থ ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এ অবস্থায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত, নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামার ব্যবস্থা, বাসের ফিটনেস পরীক্ষা এবং যাত্রী হয়রানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসন ও বিআরটিএর জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top