অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস ও বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালুভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২০ হাজার ফুট পাইপ ও ১০টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়। একই সঙ্গে উত্তোলিত বালু জব্দ করা হয় এবং বালুভর্তি একটি ট্রাক জব্দ করে প্রশাসন। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশ ও বারইয়ারহাট ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা করে।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনসাধারণের সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের অনুমতি ছাড়া কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন