ঢাকার আশুলিয়ার সিন্দুরিয়া এলাকায় রাতের আঁধারে বালুর ড্রেজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে একদল ডাকাত পিস্তল প্রদর্শন ও বগি ছিনিয়ে ঠেকিয়ে শ্রমিকদের জিম্মি করে ডাকাতি করে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, গভীর রাতে সিন্দুরিয়া এলাকায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজারে হঠাৎ করে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এসময় তারা পিস্তল প্রদর্শন করে ড্রেজারে থাকা লোকজনকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। পরে ড্রেজারে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ড্রেজারের মূল্যবান ব্যাটারি নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।