চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে পরিচালিত এসব অভিযানে উদ্ধারকৃত মাদকের ঘটনায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলামের নির্দেশে এবং তদন্ত ওসি মো. রাশেদুল হকের তত্ত্বাবধানে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের প্রথম পর্যায়ে এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আকানিয়া নাছিরপুর এলাকায় অভিযান চালান। এসময় মাহমুদা বেগম নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একইদিন এসআই মো. সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার মৃধা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে দাউদ হোসেনকে আটক করেন। অপরদিকে শ্রীরামপুরে মানিক মেম্বারের বাড়ির সামনে থেকে রিয়াদকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এছাড়া এসআই রুবেল ও এসআই ফ.ম শাহজাহান দক্ষিণ পাড়াগাঁও ও বলরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নিজাম উদ্দিন শুভ ও তানভীরকে আটক করেন। তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বুধবার আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



