২২ এপ্রিল ২০২৬ (বুধবার) কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর এলাকায় “ইমাম মাহদীর যুদ্ধে অংশগ্রহণ” এর কথা বলে বাবা, মেয়ে ও তার এক বান্ধবীর একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে| প্রায় এক মাস অতিবাহিত হলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি| এ ঘটনায় পরিবার চুয়াডাঙ্গার এক কবিরাজের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে, আর পুলিশ বলছে—সর্বশেষ মোবাইল লোকেশন নিজ এলাকাতেই পাওয়া গেছে, এরপর আর কোনো তথ্য মিলছে না|
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর এলাকার বাসিন্দা আব্দুল ওহাবের কলেজ পড়ুয়া মেয়ে নুসরাত জাহান গত ৮ ফেব্রুয়ারি কুষ্টিয়া শহর থেকে বাড়ি ফিরে আসেন| পরদিনই নুসরাত তার বান্ধবী রুকাইয়া রহমান তিশা এবং বাবা আব্দুল ওহাবকে নিয়ে বাড়ি থেকে বের হন| এরপর থেকেই তারা নিখোঁজ| দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি|
নিখোঁজের আগের দিন পরিবারের সদস্যদের কাছে নুসরাত “ইমাম মাহদীর যুদ্ধে যাওয়ার” কথা বলেন বলে জানিয়েছেন তার মা| তিনি বলেন, “মেয়ে এসে বললো তারা ইমাম মাহদীর যুদ্ধে যাবে| আমি এ কথা শুনে আপত্তি জানাই| তখন তারা বলে, আমার ঈমান দুর্বল| পরে বিষয়টি নিয়ে আমি রাগ করলে তারা চুপ হয়ে যায়| এরপর বাড়ি থেকে বেরিয়ে যায়, আর ফেরেনি|”
পরিবারের অভিযোগ, চুয়াডাঙ্গার লস্কর নামে এক কবিরাজের সঙ্গে তাদের পূর্ব পরিচয় ছিল| সেই সূত্র ধরে কোনো প্রলোভন বা প্রভাব বিস্তার করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা| একই সঙ্গে অপহরণ, প্রতারণা কিংবা কথিত ‘কালো জাদু’র মতো বিষয়ও উড়িয়ে দিচ্ছেন না স্বজনরা|
এদিকে, একই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে রুকাইয়া রহমান তিশাও নিখোঁজ নুসরাতের সঙ্গে ছিলেন বলে নিশ্চিত করেছে পরিবার| ফলে দুই পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে| ঘটনাটি প্রথমে চাপা থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| নিখোঁজ তিনজনকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজনরা ও স্থানীয়রা|
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, “নিখোঁজদের ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন তাদের নিজ গ্রামেই পাওয়া গেছে| এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি| তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে|”
স্থানীয় সচেতন মহলের মতে, ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সহজ-সরল মানুষকে টার্গেট করে আসছে| আগে গ্রামীণ অশিক্ষিত মানুষ এদের ফাঁদে পড়লেও এখন শিক্ষিত তরুণ-তরুণীরাও এর শিকার হচ্ছেন| এতে পরিবারগুলো যেমন ভেঙে পড়ছে, তেমনি প্রশাসনের জন্যও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠছে|
নিখোঁজ আব্দুল ওহাব মোল্লা, তার মেয়ে নুসরাত জাহান এবং রুকাইয়া রহমান তিশার নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছে দুই পরিবার| একই সঙ্গে রহস্যজনক এ ঘটনার দ্রুত সমাধান চায় পুরো এলাকাবাসী|







