গাইবান্ধায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামের মো. একাব্বর মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (৩০) এবং শহরের ব্রিজ রোড কালিবাড়ী এলাকার মৃত আব্দুর সাত্তারের ছেলে হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ওসির নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কোমরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় রাসেল মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে বিছানার তোশকের নিচ থেকে একটি সুইচ গিয়ার টিপ চাকু, একটি লোহার শাবল ও লোহার চেইনসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পরে রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ শহরের ব্রিজ রোড কালিবাড়ী এলাকায় হৃদয় সরকার পনির ওরফে পূর্ণের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে পূর্ণকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার শয়নকক্ষের বিছানার তোশকের নিচ থেকে একটি ধারালো লোহার ছোরা ও লোহার বাটযুক্ত হাতুড়ি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে এসব দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রেখে এলাকায় ভয়ভীতি প্রদর্শন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা (মামলা নং- ৬৯) দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




