দীঘিনালায় বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী

পাহাড়ি এলাকার বেকার যুবকদের কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় তিন সপ্তাহব্যাপী কারিগরি প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

সোমবার (২৪ আগস্ট) বিকালে দীঘিনালা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার পাঁচটি ইউনিয়নের ৩৬ জন বেকার যুবক অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণ কর্মশালায় দুটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে—‘মেকানিক্যাল অ্যান্ড রিপেয়ার’ এবং ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড মোবাইল রিপেয়ার’। তিন সপ্তাহের এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রশিক্ষণার্থীদের যাতায়াত খরচসহ প্রশিক্ষণের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি, আনুষ্ঠানিকভাবে এ কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি এলাকার বেকার যুবকদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বাড়ানোই এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন