দেওয়ানগঞ্জে অবৈধভাবে সার মজুদ করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে সার মজুদ করার অপরাধে হাসান বশরি নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মজুদ করা ৪০ বস্তা সার জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত হাসান বশরি বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে বিভিন্ন দোকান থেকে ৪০ বস্তা সার সংগ্রহ করে অনুমোদনহীন একটি গুদামে মজুদ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মজুদ করা সারগুলো জব্দ করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্সবিহীন ও অনুমোদনহীনভাবে সার মজুদের অপরাধে হাসান বশরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়। বিক্রিত সারের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে অবৈধভাবে সার মজুদ ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীনভাবে কেউ সার পরিবহন, মজুদ বা বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সরকারি নিয়ম মেনে সার পরিবহন, সংরক্ষণ ও বিক্রির আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top