নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেখলী এলাকায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ ও অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম।
বক্তারা বলেন, কয়েক বছর ধরে ধরলা নদীর আগ্রাসী ভাঙনে মেখলীসহ আশপাশের এলাকায় শত শত বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে নদীভাঙনের হুমকিতে রয়েছে অসংখ্য বসতবাড়ি, আবাদি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিনিয়ত ভাঙন অব্যাহত থাকায় দিন দিন ছোট হয়ে আসছে এলাকার ভূখণ্ড ও মানুষের বসবাসের জায়গা।বক্তারা অভিযোগ করেন, ধরলা নদীর ভাঙন রোধে এর আগে একাধিকবার মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও ভাঙন ঠেকাতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিবছর বর্ষা ও নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। এতে একদিকে মানুষ বসতভিটা ও কৃষিজমি হারাচ্ছেন, অন্যদিকে অনিশ্চয়তার মধ্যে পড়ছে স্থানীয় মানুষের জীবন-জীবিকা।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত মেখলী এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন