ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া মিরপুরের শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুুপুরে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি এ সাক্ষাত করেন।
বর্তমানে শিশু রামিসা মামলাটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য অপেক্ষায় রয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে রামিসার বাবা অ্যাটর্নি-জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন।
অ্যাটর্নি জেনারেল রামিসার বাবাকে বলেন, বর্তমান সরকার তাদের সঙ্গে আছে এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অ্যাটর্নি জেনারেল অফিস কার্যকর ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেন।
গত ১৯ মে ২০২৬ ঢাকার পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ ভবনের পাশের একটি ফ্ল্যাটে ধর্ষণের শিকার হয়ে নৃশংসভাবে নিহত হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তার। এ ঘটনায় রামিসার পিতা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।
ঘটনার দিনই প্রতিবেশী সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।পরবর্তীতে ৭ জুন ২০২৬ দ্রুত বিচার প্রক্রিয়ায় ঢাকার একটি আদালত মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।



