পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই)বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে ও স্থানীয় সরকারের উপ পরিচালক ও পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর দি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাসহ জেলা সমন্বয় কমিটির সদস্য,সাংবাদিকও সুধীজন।
সভায় ডেঙ্গু ও বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার রোধে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিকল্পিতভাবে গ্রহণ, বাস্তবায়ন এবং নিয়মিত মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ের ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।”












