বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে কুড়িগ্রাম সদর উপজেলার যতিনের হাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বাজার রোড পর্যন্ত দেড় শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়েছে।
সলিডারিটির SPIRIT (Sports for Protection, Resilience and Transformation) প্রকল্পের অংশগ্রহণকারী শিশু ও যুবদের উদ্যোগে এসব তালগাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীকে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতন করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা জানান, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিবছর বজ্রপাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। বিশেষ করে খোলা মাঠ, কৃষিজমি ও গ্রামাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বেশি। দীর্ঘমেয়াদে পরিবেশবান্ধব উপায়ে বজ্রপাতের ঝুঁকি মোকাবিলা ও সবুজায়ন বাড়াতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিশু ও যুবদের সম্পৃক্ত করে এলাকায় তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
চারা রোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয়দের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিশু ও যুবদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ প্রস্তুতি এবং নিরাপদ থাকার বিষয়ে সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়।
এ উপলক্ষে যতিনের হাট আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদা জাহান, টেরেডেস হোমস ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রকল্পের অংশগ্রহণকারী শিশু ও যুবরা।
স্থানীয়রা জানান, সড়কের পাশে তালগাছের চারা রোপণের ফলে একদিকে যেমন এলাকার সৌন্দর্য ও সবুজায়ন বাড়বে, অন্যদিকে ভবিষ্যতে এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। শিশু ও যুবদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে রোপণ করা গাছগুলো সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দেন তারা।




