বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানা (৩৫) ও তার সহযোগী মাদক কারবারি তাপসকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের অবস্থান নিশ্চিত করে ডেমরা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। প্রথমে ডেমরার সুলতানা কামাল সেতুর ঢাল থেকে ডেমরা থানায় একটি হত্যা মামলার পলাতক আসামি ও কুখ্যাত মাদক কারবারি তাপসকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ডেমরা সংলগ্ন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব পৌরসভার বরাবো এলাকার একটি বাড়ি থেকে ছাত্রদল নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে উভয় আসামির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে রূপগঞ্জের বরাবো এলাকার ওই বাড়ি থেকে ১টি শটগান ও ৮ রাউন্ড কার্তুজ এবং তাপসের ভাড়া বাসার কক্ষের সানশেড থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ভোরে ডেমরার সারুলিয়া এলাকায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে ৪টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে বাড়ির দ্বিতীয় তলার একটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় এস এম রেজা চৌধুরী সেলিম বাদী হয়ে ডেমরা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের চিহ্নিত করে ডেমরা ও রূপগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির ওয়ারী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক একটি অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং গুলিবর্ষণের ঘটনায় এসব অস্ত্রের যোগসূত্র তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top