৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃতি সন্তান ও দীর্ঘদিনের ছাত্র ও যুবরাজনীতির পরিচিত মুখ ইখতিয়ার রহমান কবিরকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারম্যানের জনাব তারেক রহমান এর দিকনির্দেশনায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে ত্যাগী, পরীক্ষিত ও দীর্ঘদিন মাঠে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হয়েছে।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এই পদে আশিনের পূর্বেও তিনি কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও কর্মীবান্ধব মনোভাবের কারণে দলের তৃণমূল পর্যায়ে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
তার এ সাফল্যে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা জানিয়ে অসংখ্য পোস্ট ও মন্তব্য করতে দেখা গেছে।
স্থানীয় নেতারা বলেন, ইখতিয়ার রহমান কবির এর মতো একজন ত্যাগী ও পরিশ্রমী নেতাকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা নতুন করে উৎসাহিত হয়েছেন। তার নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তরুণ প্রজন্ম জাতীয়তাবাদী রাজনীতির প্রতি আরও বেশি আকৃষ্ট হবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রতিক্রিয়ায় ইখতেকার রহমান কবির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দল যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং যুবসমাজকে সংগঠিত করতে আমি সবসময় কাজ করে যাব।”
তার এই পদোন্নতিতে পটুয়াখালী তথা দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় পর্যায়ে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার একজন নেতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে।
নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ইখতিয়ার রহমান কবিরকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ এবং বিশেষ করে গলাচিপা পৌরসভার আপাময় সাধারণ জনগণ।












