যশোরের অভয়নগরের একতারপুর গ্রামে জাফর ইকবাল (৩৫) নামীয় এক ভ্যান চালকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ । আজ বুধবার ( ২ সেপ্টেম্বর ) সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদার পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় । নিহতের মায়ের দাবি , তার ছেলেকে হত্যার পর গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে । পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে । এ ঘটনায় পরিবারের নিরাপত্তা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, মেয়ে ও স্ত্রীর বড় বোনকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান ।
নিহত জাফর ইকবাল একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকার মৃত আব্দুল ওহাব সরকারের ছেলে । তিনি পেশায় ভ্যানচালক ছিলেন । জাফর ইকবালের স্ত্রী বিলকিছ বেগম জানান , মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয় । একপর্যায়ে রাগ করে তিনি ঘর থেকে বেরিয়ে যান । ওই রাতে আর বাড়ি ফেরেননি । বুধবার সকালে ঘরের দরজা খুলে বারান্দার আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় স্বামীর মরদেহ ঝুলতে দেখেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ।
জাফর ইকবালের মা সেলিনা বেগম অভিযোগ করে বলেন , ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে । হত্যার পর গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে ।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন , জাফর ইকবাল নামে এক ভ্যানচালকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে । হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা বলা সম্ভব হবে । এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । তিনি আরও বলেন , পরিবারের নিরাপত্তা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিলকিছ বেগম (২৫), মেয়ে ফাতেমা খাতুন (১০) এবং বিলকিছের বড় বোন খাদিজা বেগমকে (৩৫) থানায় নেওয়া হয়েছে ।



