নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চালাকচর কলা বাজার সংলগ্ন এলাকায় ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে দুই যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অদ্য ১৭/০৬/২০২৬ তারিখ পরিচালিত এ অভিযানে সুমন (৩৫), পিতা: হেলাল উদ্দিন, গ্রাম: বীরআহাম্মদপুর, ইউনিয়ন: খিদিরপুর এবং রিপন (২৮), পিতা: মিয়াজ উদ্দিন, গ্রাম: চালাকচর, উপজেলা মনোহরদী ইয়াবা সেবন করে জনসাধারণের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার সময় হাতেনাতে আটক করা হয়।
আটকের পর তারা তাদের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৪ (চার) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
অভিযানে মনোহরদী থানার এসআই বিল্লালসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের ভয়াল থাবা নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও একান্ত প্রয়োজন।











