রাঙামাটির লংগদুতে প্রভাব খাটিয়ে বসতবাড়ি দখলে রাখার অভিযোগ উঠেছে গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন মো. হৃদয় ও তার পরিবারের সদস্যরা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় লংগদু প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো. হৃদয় অভিযোগ করেন, চুক্তির মাধ্যমে ভাড়া দেওয়া তার বসতবাড়ি দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন আব্দুছ ছাত্তার। বর্তমানে বাড়িটি ছেড়ে না দিয়ে উল্টো সেটিকে নিজের বলে দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হৃদয় জানান, ২০১৬ সালে বসতভিটাসহ ওই জায়গা ক্রয় করেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালে চুক্তির ভিত্তিতে বসতবাড়িটি আব্দুছ ছাত্তারের কাছে ভাড়া দেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসে বাড়ি ভাড়া হিসেবে এক হাজার টাকা পরিশোধ করার কথা ছিল।
হৃদয়ের দাবি, ২০২৪ সাল পর্যন্ত নিয়মিত ভাড়া পরিশোধ করা হলেও ২০২৫ সাল থেকে ভাড়া দেওয়া বন্ধ করে দেন আব্দুছ ছাত্তার। এরপর থেকে তিনি বাড়িটি নিজের বলে দাবি করছেন এবং বাড়ি ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো সমাধানে আসতে রাজি হচ্ছেন না।
হৃদয় আরও অভিযোগ করেন, বাড়ি ফিরে পেতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও তিনি কাঙ্ক্ষিত সমাধান পাননি। স্থানীয়ভাবে থানা-পুলিশ, গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত ব্যক্তি তা মানছেন না বলে দাবি তার।
সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নানা ধরনের হুমকির মুখে রয়েছেন। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরার পাশাপাশি আইন ও আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন তিনি।
দ্রুত সময়ের মধ্যে তার বসতবাড়ি দখলমুক্ত করে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মো. হৃদয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুছ ছাত্তারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।




