টাঙ্গাইলের সখিপুরে এসএসসি পাস করে শিক্ষার্থীরা মিষ্টি না খেয়ে সেই টাকা তুলে দিলেন ব্লাড ক্যান্সার আক্রান্ত বন্ধুর মায়ের চিকিৎসার জন্য। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ পত্রে প্রকাশের পর নজরে আসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করেন টাঙ্গাইল-৮ সখিপুর- বাসাইলের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড. আহমেদ আযম খান এমপি কে। প্রধানমন্ত্রী ওই অসুস্থ মা ও তার পরিবারের খোঁজখবর নেন এবং ওই মায়ের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধ মন্ত্রী তাৎক্ষনিক ফোন করে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. আশরাফুল আলমকে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিষয়টি সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম নিশ্চিত করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১৮ আগষ্ট, মঙ্গলবার সকালে মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী এড. আহমেদ আযম খানকে ফোন করেছিলেন। তিনি সখিপুরের কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থী নাইম ইসলামের ক্যান্সার আক্রান্ত মায়ের খোঁজ খবর নিয়েছেন এবং তাঁর পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাথমিক ভাবে প্রধানমন্ত্রীর তহবিল থেকে কিছু অর্থ সহায়তা তুলে দেওয়া হবে। ২৬ আগস্ট শনিবার স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ মন্ত্রী এড. আহমেদ আযম খান এমপি কালিদাস কলতান বিদ্যানিকেতনে গিয়ে নিজ হাতে ওই পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ তুলে দেবেন। খোঁজ নিয়ে জানা যায়, সখিপুর উপজেলার কলতান বিদ্যানিকেতনের ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা পরিক্ষার পাশের আনন্দে মিষ্টি বিতরন না করে পঁচিশ জন শিক্ষার্থী তাদের মিষ্টি খাওয়ার বিশ হাজার টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদলের হাতে তুলে দেন। পরে ওই প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষার্থী মিলে আরও বিশ হাজার টাকাসহ মোট চল্লিশ হাজার টাকা তাদের সহপাঠি নাইম ইসলামের ব্লাড ক্যান্সার আক্রান্ত মা লাইলী বেগমের চিকিৎসার জন্য নাইমের দাদা আব্দুস ছাত্তার সিকদারের হাতে তুলে দেন। ১৬ আগষ্ট রবিবার সকালে কালিদাস কলতান বিদ্যানিকেতন স্কুলে এ অর্থ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সহপাঠীর মায়ের জন্য এমন উদ্যোগ মিডিয়ার প্রচার হলে ব্যাপক প্রশংসা পায় শিক্ষার্থীরা। এতেই নজরে আসে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের।প্রধানমন্ত্রী মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এ খবর পাওয়ার পর শিক্ষার্থী নাইম ইসলাম আনন্দে আপ্লুত হয়ে বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রাকাশ করছি একই সাথে আমার সকল সহপাঠি ও শিক্ষক- শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আপনাদের মাধ্যমে সকলের কাছে আমার মায়ের সুস্থতার জন্য দোয়া চাই।কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদল বলেন, আমাদের মানবিক প্রধানমনন্ত্রী জনাব তারেক রহমান নাইমের মায়ের পাশে দাঁড়িয়েছেন এজন্য নাইমের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম জানান, সখিপুরে “মিষ্টি বিতরন না করে শিক্ষার্থী নাইমের ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ালেন সহপাঠি” এমন সংবাদ মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি মঙ্গলবার সকালে ফোন করে বিস্তারিত খোঁজ খবর নেন, এবং ক্যান্সার আক্রান্ত ওই মায়ের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। মুক্তিযুদ্ধ মন্ত্রী এড. আহমেদ আযম খান এমপি মুঠোফোনে জানান, যখন মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন কালিদাস কলতান বিদ্যানিকেতনের একজন শিক্ষার্থীর মা ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং ওই স্কুলের শিক্ষার্থীরা বিশ হাজার টাকা এবং মিষ্টি না খেয়ে নাইমের সহপাঠীরা বিশ হাজার টাকাসহ মোট চল্লিশ হাজার টাকা ওই মাকে সহায়তা দিয়েছে এই খবরটা জেনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছেন এবং আমাকে নির্দেশনা দিয়েছেন। এই খবরটা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। উনি এই খবরটি পেয়েই আমাকে নির্দেশনা দিয়েছেন ওই ক্যান্সার আক্রান্ত মায়ের বাড়িতে যাওয়ার জন্য এবং ওই স্কুলে যাওয়ার জন্য। ক্যান্সারের চিকিৎসার প্রয়োজনীয় কি সহায়তা লাগে তা জানার জন্য। তাৎক্ষণিক কিছু সহায়তা দেওয়ার জন্য এবং পরবর্তীতেও এই সহায়তা অব্যাহত রাখার জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমি আগামী শনিবার ওই ক্যান্সার আক্রান্ত মায়ের বাড়িতে যাব এবং ওই কলতান বিদ্যানিকেতনে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলব এবং তাদের ধন্যবাদ জানাবো। শিক্ষার্থী নাইম ইসলামের ক্যান্সার আক্রান্ত মা বর্তমানে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সখিপুর উপজেলার কালিদাস ঠকানিয়া পাড়া গ্রামের কাতার প্রবাসী আব্দুল লতিফ সিকদারের স্ত্রী। গত ৪ আগষ্ট তাঁর ব্লাড ক্যান্সার শনাক্ত হয়।




