ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড় খেয়ে চিকিৎসা নিতে গিয়ে সঙ্গে সেই সাপটিকেই নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন এক স্কুলশিক্ষক। বুধবার (২৯ জুলাই) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। আহত সাধন চন্দ্র মন্ডল স্থানীয় একটি এমপিওভুক্ত উচ্চবিদ্যালয়ের শিক্ষক। পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের নদীতে পাট জাগ দেওয়ার সময় একটি ছোট আকারের সাপ তাঁর ডান হাতের কনুইয়ে কামড় দেয়। পরে হাত ঝাড়া দিলে সাপটি নিচে পড়ে যায়। এ সময় পাশে থাকা এক গ্রামবাসী সাপটিকে ধরে একটি কৌটায় বন্দি করেন। এরপর স্বজনরা কামড় দেওয়া সাপটিসহ সাধন চন্দ্র মন্ডলকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের মতে, সাপটি সঙ্গে নিয়ে আসায় এর প্রজাতি শনাক্ত করতে সুবিধা হতে পারে, যা প্রয়োজনীয় চিকিৎসা নির্ধারণে সহায়ক হতে পারে।











