সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলার বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচার সভায় হামলা ও তার গাড়ি ভাঙচুরের মামলায় তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ ।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়ার একটি ভাড়া বাসা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রের খবর, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী প্রচার সভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় আওয়ামী লীগের এমপি প্রার্থী ডাঃ আব্দুল আজিজের নির্দেশে অন্য আসামিরা সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে। সেই সঙ্গে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল আজিজ সহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছিল। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বাবুল শেখ।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে নেওয়া হবে।











