সৌদি আরবের আল-খারজ অঞ্চলে মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত বাচ্চু মিয়া (৩৫) কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে।
রোববার (৮ মার্চ) স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল-খারজ শহরে অবস্থিত আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনায় তিনি নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের বরাত দিয়ে জানা যায়, আল-খারজ অঞ্চলে একটি আবাসিক কম্পাউন্ড লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই বাচ্চু মিয়ার মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ও অপরজন ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় জানায়, রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকায় অবস্থিত একটি আবাসিক প্রকল্পে এই হামলার ঘটনা ঘটে। আল-খারজ শহরটি রাজধানী রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
নিহত বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তিনি আল তোয়াইক বলদিয়া কোম্পানির অধীনে কাজ করতেন। দেশে থাকাকালেও তিনি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবেও পরিচিত ছিলেন বলে জানিয়েছেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।
পারিবারিক সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন কন্যা মানসিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মক্কা প্রবাসী ইমরান হুসাইন জানান, যে এলাকায় হামলার ঘটনা ঘটেছে তার কাছাকাছি একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল।
তবে আনুষ্ঠানিকভাবে হামলাটি কোন পক্ষ থেকে চালানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যদিও এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ড আল-খারজসহ সৌদি আরবের কয়েকটি স্থানে রাডার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘোষণা দিয়েছিল।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ের উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা।
এদিকে প্রবাসী বাংলাদেশি বাচ্চু মিয়ার মৃত্যুর খবর দেশে পৌঁছালে কটিয়াদীর জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে শোকের মাতম নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফনের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।












