যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ মোঃ ফারুক (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। আজ বুধবার (০৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ চৌকস আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে ফারুককে আটক করে তল্লাশি চালানো হলে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫২৯.৬৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার (চারটি সম্পূর্ণ এবং একটির অর্ধেক) উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে ২টি মোবাইল ফোন এবং নগদ ১,৬৫৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ১,১০,৮৩,৮৮৬ (এক কোটি দশ লাখ তিরাশি হাজার আটশত ছিয়াশি) টাকা।

​আটককৃত পাচারকারী মোঃ ফারুক কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকা থেকে উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

​আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মালামালসহ তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর আভিযানিক কার্যক্রম ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *