আসন্ন রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাজীপুরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
সভায় রথযাত্রা উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসব নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁদের মতামত ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
পুলিশ কমিশনার উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে রথযাত্রা উৎসব উদযাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। তিনি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উৎসব সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গাজীপুর মহানগর শাখার নেতৃবৃন্দ, কাশিমপুর কালী মন্দির ও শ্রী শ্রী জয়কালী মন্দিরের প্রতিনিধিরা, ইস্কন গাজীপুরের নেতৃবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও প্রশাসনের সহযোগিতায় আসন্ন রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে তারা আশাবাদী।











