চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একটি সিএনজি চালিত অটোরিকশার গোপন বক্স থেকে ‘১৬ কেজি গাঁজা’ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহন ও ব্যবসার অভিযোগে সিএনজিচালক ‘হানিফ মিয়া’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার ৪ আগস্ট’ দিবাগত রাত সাড়ে ১টার দিকে কচুয়া উপজেলার সাচার বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ‘ওসি মো. আজিজুল ইসলাম’ জানান, গ্রেপ্তারকৃত হানিফ মিয়া দীর্ঘদিন ধরে সিএনজি ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে সিএনজিটি তল্লাশি করে সিটের নিচে তৈরি করা বিশেষ বক্স থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ মিয়া মাদক পরিবহনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ‘আজ বুধবার ৫ আগস্ট’ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কচুয়া থানা পুলিশ জানায়, উপজেলায় মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।