সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেঁতুলিয়া মধ্যপাড়া জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার যোহরের নামাজের পর থেকে আসরের নামাজের মধ্যবর্তী কোনো এক সময়ে মসজিদের আলমারি থেকে প্রায় ৩ লাখ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যোহরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে চলে যাওয়ার পর কোনো একসময় দুর্বৃত্তরা মসজিদের আলমারিতে রাখা টাকা নিয়ে যায়। পরে বিষয়টি মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের নজরে আসে।
স্থানীয়দের দাবি, মসজিদের আলমারিতে মুসল্লিদের দান ও বিভিন্ন খাতের টাকা সংরক্ষিত ছিল। মসজিদে সিসিটিভি ক্যামেরা না থাকায় চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
ঘটনার পর স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, মসজিদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটেছে। জনগণের দানের টাকা নিরাপদে সংরক্ষণে মসজিদ কমিটির আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
তবে চুরির ঘটনায় থানায় অভিযোগ বা কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।