ঝালকাঠির সদর উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগানে নৌকা-ট্রলারে উচ্চস্বরে ডিজে, লাউডস্পিকার ও হাই-ভলিউমের সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) সকালে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের পর্যটন এলাকা পরিদর্শন করেন। সম্প্রতি পর্যটকদের একটি অংশের উচ্চস্বরে গান বাজানো ও ডিজে ব্যবহারের কারণে শব্দদূষণ সৃষ্টি হওয়া, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি এবং অন্য পর্যটকদের ভোগান্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনের সময় ইউএনওর সঙ্গে পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির সহকারী পরিচালক এবং ৫ নম্বর কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এ সময় নৌকা ও ট্রলারচালক, পর্যটক এবং সংশ্লিষ্টদের উচ্চস্বরে সাউন্ড সিস্টেম, ডিজে ও লাউডস্পিকার ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, “ভিমরুলী দেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। এখানকার পরিবেশ, জীববৈচিত্র্য ও পর্যটকদের স্বস্তিদায়ক পরিবেশ রক্ষায় উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাইকে নিয়ম মেনে পর্যটন কার্যক্রম পরিচালনা করতে হবে।”
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন পর্যটকরা। তাদের মতে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ভিমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ আরও সুরক্ষিত থাকবে।
ভিমরুলীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে প্রশাসনের এই উদ্যোগ পর্যটন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন স্থানীয়রা।












