সাম্প্রতিক
২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৩ নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা মনোহরদীতে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড মতলবে আব্দুল মান্নান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মতলবে আব্দুল মান্নান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ-পশ্চিম দিঘলদী গ্রামের আব্দুল মান্নান পাটোয়ারী হত্যা মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারী (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) ঢাকা মহানগরের হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন পাটোয়ারী দক্ষিণ-পশ্চিম দিঘলদী গ্রামের আরব আলী পাটোয়ারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে আব্দুল মান্নান পাটোয়ারী ও সুমন পাটোয়ারীর মধ্যে বাড়িতে গাছের চারা রোপণকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সুমন পাটোয়ারীর হামলায় আব্দুল মান্নান পাটোয়ারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুন তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে নয়ন পাটোয়ারী বাদী হয়ে ৩ জুন মতলব দক্ষিণ থানায় সুমন পাটোয়ারীকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সুমন পাটোয়ারীর মা অজুফা বেগম (৬৫) ও স্ত্রী ফারজানা আক্তার (২০) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে ঘটনার পর থেকেই প্রধান আসামি সুমন পাটোয়ারী আত্মগোপনে ছিলেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান মানিক জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের পর তাকে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসা হয় এবং মঙ্গলবার (১৬ জুন) চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :