নরসিংদীর মনোহরদী উপজেলায় জুলাই শহীদ দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বীরত্ব, আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।