রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (০৭ জুলাই) দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের ব্যবসায়ী তৈইজুদ্দিন শেখের বাড়িতে এ দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ৭-৮ জনের ডাকাত দল বাসভবনের বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তৈইজুদ্দিন শেখ ও তার ছেলে মিলন শেখকে ঘরের একটি কক্ষে দড়ি দিয়ে বেঁধে রেখে সাববাক্সে থাকা সাড়ে ৫ ভরি স্বর্ণের অলংকার ও নগদ ১ লাখ ২২ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ডাকাতির ঘটনায় বুধবার বিকেলে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছেন তৈইজুদ্দিন শেখ।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। পুলিশ মাঠে কাজ করছেন।












