মাগুরা সদর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৯৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মোট ১০ হাজার ৪৮০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করতে প্রয়োজনীয় কৃষি উপকরণও প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষি উৎপাদন টেকসই করতে এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের কৃষিবান্ধব উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবেন।











